শিরোনাম
মহেশখালী প্রতিনিধি: | ০৭:২৮ পিএম, ২০২৬-১১-২১
ওয়াজেদুল হক মণি :
কক্সবাজারের মহেশখালীতে একের পর এক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দ্বীপবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত টমটম, মিশুক ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের দুর্ঘটনায় অন্তত ১৪ জনের প্রাণহানির ঘটনা সামনে এসেছে। নিহতদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী একাধিক শিশু এবং তরুণ-যুবক রয়েছেন। এসব দুর্ঘটনা সড়ক নিরাপত্তা, যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং চালক ও পথচারীদের সচেতনতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
সর্বশেষ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহেশখালীর মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্প সড়কের রাজঘাট এলাকার কিছুটা আগে কুকুরকে বাঁচাতে গিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজনের অবস্থা সংকটাপন্ন।
নিহতরা হলেন, মহেশখালী উপজেলার কালারমারছড়ার উত্তর নলবিলার আকবর হাজীপাড়ার মৃত আব্দুস সালামের ছেলে ইকবাল হোসেন (২৫) এবং একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. শাহীন (১৮)। নিহত ইকবাল সৌদি আরবপ্রবাসী ছিলেন। আহত আব্দুল কায়ুম দেলোয়ার হোসেনের ছেলে। তাঁরা একে অপরের চাচাতো-ফুফাতো ভাই।
এ ছাড়া সড়ক দুর্ঘটনায় তানজিমা হাকিম আয়াত (৮) নামের এক স্কুলপড়ুয়া শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কালারমারছড়ার আঁধারঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল থেকে ফেরার পথে বেপরোয়া গতির একটি ইজিবাইক শিশুটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাথা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পায় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গত ৬ নভেম্বর উপজেলার শাপলাপুর-জনতাবাজার সড়কের পাহাড়ের ঢালায় ডাম্পারের সঙ্গে সংঘর্ষে আমান উল্লাহ নামের এক ভাঙারি ব্যবসায়ীর মৃত্যু হয়। তিনি ছোট মহেশখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
জানা গেছে, আমান উল্লাহর পূর্বের বাড়ি ছিল বড় মহেশখালীর বড় কুলালপাড়া এলাকায়। স্থানীয়দের তথ্যমতে, বেপরোয়া গতির ডাম্পারের ধাক্কায় তাঁর মৃত্যু হয়।
গত ২ নভেম্বর বেপরোয়া গতির ইজিবাইকের ধাক্কায় খাইরুন্নেছা (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়। তিনি মহেশখালী পৌরসভার গোরকঘাটা পশ্চিম সিকদারপাড়া এলাকার মৃত আমির হোসেনের স্ত্রী।
জানা গেছে, বাড়ি থেকে বের হয়ে পানিরছড়ায় এক আত্মীয়ের মৃত্যুতে শোক প্রকাশ করতে গিয়েছিলেন তিনি। সামাজিকতা শেষে বাড়ি ফেরার জন্য সড়কের পাশে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে চট্টগ্রামে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে বড় মহেশখালীর ফকিরাঘোনা মিয়াজিরপাড়া বটতলা এলাকায় ডেকোরেশনের ট্রলি উল্টে চাকার নিচে পড়ে আনোয়ার হোসেন (২৫) নামের এক চালকের মৃত্যু হয়। নিহত আনোয়ার বড় মহেশখালীর মুন্সীর ডেইল এলাকার মৃত তজু মিয়ার ছেলে। তিনি বড় মহেশখালীর ‘বুশরা ডেকোরেশন’ দোকানে প্রায় দেড় বছর ধরে কাজ করতেন। জানা গেছে, মাত্র নয় মাস আগে তিনি বিয়ে করেছিলেন। তাঁদের কোনো সন্তান ছিল না।
এ ছাড়া গত ২৩ অক্টোবর সন্ধ্যায় উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের মগডেইল বাজার রাস্তার মাথায় টমটমের চাপায় সোহাইবা নামের চার বছর বয়সী এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়।
এ ঘটনায় স্থানীয়রা টমটমচালককে আটক করে এবং গাড়িটি জব্দ করার পর পুলিশকে খবর দেন।
নিহত সোহাইবা মাতারবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মাইজপাড়া এলাকার মাওলানা সাইফুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার হাসপাতালে চিকিৎসা শেষে মা ও মেয়ে একটি টমটমে করে বাড়ি ফিরছিল। বাড়ির পাশের সড়কে পৌঁছে গাড়ি থেকে নামার সময় দ্রুতগতিতে আসা অন্য একটি টমটম শিশুটিকে চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এর আগে গত ২০ অক্টোবর উপজেলার আদিনাথ জেটিঘাট এলাকায় ব্যাটারিচালিত যানবাহনের ধাক্কায় আফরিন সুলতানা নামের এক শিশু পর্যটকের মৃত্যু হয়। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরেক শিশু আইয়ান আহত হয়। নরসিংদী থেকে পরিবারের সঙ্গে মহেশখালী বেড়াতে এসে দুর্ঘটনার শিকার হয় শিশুটি। ঘটনাটি পর্যটনকেন্দ্র ও জেটিঘাট এলাকায় যান চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
এরও আগে ১৬ অক্টোবর সড়ক দুর্ঘটনায় ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ নলবিলা এলাকায় সড়ক পার হওয়ার সময় মিশুকের ধাক্কায় পাঁচ বছর বয়সী মোহাম্মদ জোবাইর নিহত হয়। দ্রুতগতির মিশুকের ধাক্কায় গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়।
গত ২২ সেপ্টেম্বর বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা এলাকার সমবায় সমিতি সড়কে টমটম ও মোটরসাইকেলের সংঘর্ষে মোহাম্মদ ফয়সল নামের এক প্রবাসী যুবক নিহত হন। এ ঘটনায় আরও একজন আহত হন। চকরিয়ার কৈয়ারবিল এলাকার বাসিন্দা ফয়সল মহেশখালীতে বেড়াতে এসে দুর্ঘটনার শিকার হন।
চলতি বছরের ১২ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিজ্জিরপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন খোন্দকারপাড়ার ফরহাদ। নিহত ফরহাদ কুতুবজোম ইউনিয়নের দক্ষিণ খোন্দকারপাড়ার বাসিন্দা নুরুল হাসেমের ছেলে।
এ ছাড়া গত ১৮ মে বড় মহেশখালীর মধুয়ারডেইল এলাকায় মোটরসাইকেল ও মিশুকের মুখোমুখি সংঘর্ষে শাকের উল্লাহ নামের এক যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বছরের শুরুতেও একই ধরনের দুর্ঘটনায় প্রাণ হারায় একটি শিশু। গত ১৮ মার্চ সকাল ৯টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চিকনিপাড়া এলাকায় বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আয়েশা সিদ্দিকা (৬) নামের এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই শিশুটির একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।
নিহত আয়েশা ওই এলাকার দিনমজুর নুরুল হকের মেয়ে। স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে বাড়ির পাশের রাস্তা দিয়ে বাজারে যাচ্ছিল শিশুটি। এ সময় একটি বেপরোয়া গতির সিএনজি তাকে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে। পরে তার একটি পা সিএনজির চাকায় পিষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গত ১২ জানুয়ারি শাপলাপুর-ছোট মহেশখালী সড়কে টমটমের ধাক্কায় পাঁচ বছর বয়সী মিনহা মনি গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল বশর পারভেজ বলেন, মহেশখালীতে একের পর এক এসব দুর্ঘটনায় উপজেলার সড়ক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। মহেশখালীর বিভিন্ন সড়কে মোটরসাইকেল, টমটম, মিশুক, মাহিন্দ্রা ও পিকআপসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, জেটিঘাট, জনবহুল এলাকা এবং সড়কের মোড়ে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা জরুরি। দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিত সচেতনতামূলক প্রচার-প্রচারণা, চালকদের প্রশিক্ষণ এবং ঝুঁকিপূর্ণ এলাকায় কার্যকর নজরদারি আরও জোরদার করা প্রয়োজন। তবে দুর্ঘটনার পর উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দুর্ঘটনা ঘটার আগেই প্রতিরোধমূলক উদ্যোগ তেমন চোখে পড়েনি।
সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, মহেশখালীর আদিনাথ জেটিতে টমটমের ধাক্কায় নরসিংদী থেকে মা-বাবার সঙ্গে ঘুরতে আসা পাঁচ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রায়ই এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনার খবর পাই। কত মা-বাবার বুক খালি হচ্ছে, যারা সন্তান হারাচ্ছেন, তাঁদের পরিবারের কথা কি আমরা একবারও চিন্তা করেছি? এ ধরনের দুর্ঘটনা বন্ধ করার জন্য কোনো ব্যবস্থা বা উদ্যোগ কি আমরা নিয়েছি?
তিনি আরও বলেন, মহেশখালীর মিশুক ও টমটমচালকদের বেসিক প্রশিক্ষণ এবং লাইসেন্সের আওতায় আনা প্রয়োজন। আমি উপজেলা চেয়ারম্যান থাকাকালে প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে সমন্বয় করে তাঁদের প্রশিক্ষণ ও লাইসেন্সের আওতায় আনার একটি পদক্ষেপ নিয়েছিলাম। কিন্তু দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ায় তা বাস্তবায়ন করতে পারিনি। সেই সঙ্গে সামনের বিপজ্জনক বাম্পারগুলো খুলে ফেলারও একটি উদ্যোগ নিয়েছিলাম, সেটিও সম্ভব হয়নি। বর্তমান প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানাব, চালকদের দ্রুত প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক, লাইসেন্সের আওতায় আনা হোক এবং বাম্পারগুলো খুলে ফেলার ব্যবস্থা করা হোক।
এ বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম যানবাহন চলাচলে কয়েকটি নির্দেশনা জারি করেছেন।
নির্দেশনায় বলা হয়েছে, উপজেলায় চলাচলকারী সব টমটম ও সিএনজিচালিত অটোরিকশার ডান পাশে স্থায়ী হাতল লাগাতে হবে, যাতে ডান পাশ দিয়ে কোনো যাত্রী ওঠানামা করতে না পারেন। প্রত্যেক টমটম ও সিএনজিচালিত অটোরিকশায় চালকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা জন্মনিবন্ধন সনদের কপি সার্বক্ষণিকভাবে সংরক্ষণ করতে হবে। যানবাহনে কোনো ধরনের মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট বা বাদ্যযন্ত্র রাখা যাবে না, যাতে চালকের মনোযোগ বিঘ্নিত না হয়।
চালকের বাম পাশে সর্বোচ্চ একজন যাত্রী বসতে পারবেন। চালকের ডান পাশে কোনো যাত্রী বসতে পারবেন না। মিশুক গাড়িতে তিনজনের বেশি যাত্রী বহন করা যাবে না। কোনো অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি টমটম, সিএনজিচালিত অটোরিকশা, মিশুকসহ কোনো ধরনের যানবাহন চালাতে পারবেন না। এ বিষয়ে যানবাহনের মালিকদেরও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।
উল্লিখিত নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সব চালক, যানবাহনের মালিক, পরিবহন সংগঠন, যাত্রীসাধারণ ও গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।
সচেতন মহল দাবি করছেন, নিয়মিত প্রচার-প্রচারণার পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হলে দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব। পাশাপাশি পরিকল্পিত সড়ক নিরাপত্তা কার্যক্রম, নিয়মিত সচেতনতামূলক ক্যাম্পেইন এবং ট্রাফিক আইন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন দ্বীপবাসী।
অনলাইন ডেস্ক: : ঢাকা থেকে বাগেরহাটে ফেরার পথে গোপালগঞ্জে মারধর ও অপহরণের শিকার হয়েছে বাগেরহাট জেলা বিএনপির সদস্য...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় বাস্তবায়নের মাধ্যমে রোহিঙ্গাদের নিরাà...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : লামা-আলীকদমে যাত্রীবাহী বাসের চাপায় মোটর সাইকেল আরোহী সাজু চক্রবর্তী (৩৫) নà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মিজবাহ উদ্দীন আরজু : কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্à¦...বিস্তারিত
ঈদগাঁও প্রতিনিধি : : মিছবাহ উদ্দিন : বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের আমির হিসেবে পুনর্নà...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : মোঃ আরাফাত সানি : টানা ৩ দিন গহীন পাহাড়ে যন্ত্রণায় ছটফট করেছে বন্য হাতিটি। শরীরে ৮টি বুলেটের ক্ষà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited